চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টিতে ফসলের ক্ষতি

লাইভ রিপোর্ট
১ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে রেকর্ড বৃষ্টিতে ফসলের ক্ষতি
বৃষ্টির পানিতে নিমজ্জিত একটি ধানখেত, বিদিরপুর, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে জমির পাকা, আধাপাকা ধান। কৃষি বিভাগ বলছে গত ১০ বছরে একদিনে এমন বৃষ্টির রেকর্ড নেই চাঁপাইনবাবগঞ্জে।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো মাঝারী আবার কখনো হালকা বৃষ্টি চলে রাতভর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সদরে ২৬০ মিলিমিটার, শিবগঞ্জে ১৭৫ মিলিমিটার, গোমস্তাপুরে ১৮০ মিলিমিটার, নাচোলে ১৭৫ মিলিমিটার ও ভোলাহাটে ১৬৫ মিলিমিটার। জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৯১ মিলিমিটার। এতে মাঠে থাকা আমন ধান, সরিসা ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, আর এক সপ্তাহ পরেই শুরু হতো ধান কাটা। কিন্তু শেষ মুহুর্তে এসে বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো। নিম্নাঞ্চলের খেতগুলোতে পুরো ধান পানিতে নিমজ্জিত হয়ে গেছে। কৃষকদেরে দাবি- আগে যেসব জমিতে বিঘাপ্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করছিলেন, সেখানে হয়তো ৫ মণের বেশি পাবেন না।

বিদিরপুর এলাকার আমন ধান চাষী আমানউল্লাহ বলেন, আমার দুই বিঘা জমির ধান পুরোপুরি ডুবে গেছে। কয়েকদিন পরেই ধান কাটা শুরু হতো। কিন্তু শেষ মুহূর্তে দুর্যোগের কবলে পড়ে অধিকাংশ ধান শেষ হয়ে গেছে। আশা করেছিলাম বিঘায় ২০ মণ করে ধান হবে। কিন্তু এখন মনে হচ্ছে বিঘাতে ৫ মণের বেশি পাবো না। আরেক চাষী আলমগীর হোসেন বলেন, আমরা কল্পনাও করিনি যে এই সময়ে এসে এত বৃষ্টি হবে।   

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী জানান, গত ১০ বছরের একদিনে এত বৃষ্টির রেকর্ড নেই চাঁপাইনবাবগঞ্জে। বৃষ্টিতে জেলার ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, সরিষা, বিভিন্ন সবজি, পেঁয়াজ, মাসকলাই, ভুট্টা, স্ট্রবেরী।

এদিকে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় চাঁপাইনবাবগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায়। শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, নিউ মার্কেট, বড় ইন্দারামোড়, স্কুল-ক্লাব রোডসহ শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেশ কয়েকটি এলাকায় বাড়িঘরে পানি ঢুকে যায়। 

 

Read more — স্থানীয়
← Home