চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যানের জন্য আর কত অপেক্ষা?

লাইভ রিপোর্ট
১ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাস্টারপ্ল্যানের জন্য আর কত অপেক্ষা?
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে ‘মাস্টারপ্ল্যানের’ কথা শোনা যায় কয়েকবছর ধরেই। শুক্রবার রাতের বৃষ্টিতে শহরে ভয়াবহ জলাবদ্ধতার পর আবার আলোচনায় সেই ‘মাস্টারপ্ল্যান’। 

অনেকেরই প্রশ্ন- চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যে ড্রেন নির্মাণ হচ্ছে তা কী সেই মাস্টারপ্ল্যানের অংশ? পৌর কর্তপক্ষের কাছে চাঁপাই লাইভ একই প্রশ্ন করে। পৌর কর্তৃপক্ষ উত্তরে বলে, ‘এটি একটি সাময়িক ব্যবস্থা। মাস্টারপ্ল্যান এখনও পাইপলাইনে। তবে অনেকেই মনে করে এটি মাস্টারপ্ল্যানের অংশ’

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন যে ড্রেন নির্মাণের কাজ চলছে তা আরেকটি প্রকল্পের অব্যয়িত অর্থ থেকে। মহানন্দা নদীর উপর নির্মিত নতুন ও পুরাতন দুটি সেতুর সংযোগ সড়ক প্রকল্পের অব্যয়িত অর্থ দিয়ে নির্মিত হচ্ছে ড্রেন। এসব ড্রেন নির্মাণে ব্যয় হচ্ছে ৭০ কোটি টাকা। 

এবার প্রশ্ন হলো, মাস্টারপ্ল্যান তাহলে কতদূর এগুলো? চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন বলেন, মাস্টারপ্ল্যান এখনও পাইপলাইনে আছে। প্রথমে এলজিইডির মাধ্যমে একটি মাস্টারপ্ল্যান তৈরী করা হবে। আর এ জন্য একটি কনসাল্টিং ফার্ম (পরামর্শক প্রতিষ্ঠান) নির্ধারণ করা হয়েছে, আমাদের প্রধান প্রকৌশলী দেশের বাইরে থাকায় ফাইনাল অনুমোদন হয়নি। তারা সব এলাকা বিবেচনা করে মাস্টারপ্ল্যান প্রস্তুত করবে। তিনি বলেন শহরের জলাবদ্ধা নিরসনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে মাস্টারপ্ল্যানে। শহরের মধ্যে যেসব এলাকায় জলাবদ্ধতা বেশি হয়। কোন কোন এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে  সব কিছু বিবেচনা করা হবে। জনগণের সঙ্গে কথা বলে, স্যাটেলাইট ইমেজ সংগ্রহসহ বৃষ্টিপাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মাস্টারপ্ল্যান তৈরী করা হবে পরামর্শক প্রতিষ্ঠানটি। তবে এটি এখনও অনুমোদন হয়নি। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, কয়েকটি পৌরসভার মাস্টারপ্ল্যান গেজেট আকারে প্রকাশিত হলেও অনেকগুলো এখনও হয়নি। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভারও রয়েছে। এটা কবে নাগাদ হবে বলা যাবে না। তবে আমাদের আশা হয়তো শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশিত হবে।  

Read more — স্থানীয়
← Home