বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

লাইভ রিপোর্ট
৩ নভেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ণ
বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক  এরফান আলীর গত বছরের ৩ নভেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। 

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বিকাল ৪ টার নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নবাবগঞ্জ টাউনক্লাবে এই নাগরিক স্মরণসভার আয়োজন করেছে সাধারণ ব্যবসায়ী ও সুধী সমাজ। আয়োজকরা ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। 

এরফান আলী ব্যবসায়ী হলেও সামাজিক দায়বদ্ধতা নিয়েও সচেতন ছিলেন। নানান দুর্যোগে মানুষের পাশে থাকতেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয়প্রতিষ্ঠান ও এলাকার অবকাঠামো নির্মাণসহ নানাভাবে মানুষকে সহযোগিতা করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী বারোরশিয়া এলাকায় ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।  ১৯৮৩ সালে হাসকিং মিলে চাল উৎপাদনের মাধ্যমে সফল এই উদ্যোক্তার পথচলা শুরু হয়। ২০০১ সালে অটোমেটিক রাইস মিল নির্মাণের পরে মাত্র দুই যুগের ব্যবধানে গড়ে তোলেন একটি প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানিজ। এরই মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরফান গ্রুপের। সেই উদ্যোগ সফল হলে দিন দিন এরফান গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। উৎপাদন, শিল্প উদ্যোগ আর বাণিজ্যে বাড়তে থাকে বিনিয়োগ। বর্তমানে এরফান গ্রুপের অধীনে উৎপাদন, সেবা ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের উন্নত সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭ হাজার মানুষের কর্মসংস্থার সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে এ শিল্প গ্রুপটি। দেশের গণ্ডি পেরিয়ে এরফান গ্রুপের চাল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেনসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।

এরফান আলী চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন। এছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশসেবায় তাদের দায়িত্ববোধের কারণে ২০১৪ সালে কমিটমেন্ট অ্যাওয়ার্ড ফর এগ্রো কমার্স লাভ করে এরফান গ্রুপ। একই বছরে স্বাধীনতা সংসদ অ্যাওয়ার্ড অর্জন করে। ২০১৩ সালে ব্যাংক বিমা শিল্প বিজনেস অ্যাওয়ার্ড পদক পায়। এছাড়াও অসংখ্য বার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবোর্চ্চ করদাতা নির্বাচিত হয়েছিলেন এরফান আলী ও তার ব্যবসা প্রতিষ্ঠান। 

Read more — স্থানীয়
← Home