মুসলিম-হিন্দু-খ্রিস্টান শিক্ষার্থীদের পাশাপাশি বসে পাঠ নেয়ার দৃশ্যে অবাক দুই বিদেশি

বাবুডাইং আলোর পাঠশালা

লাইভ রিপোর্ট
৩ নভেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
মুসলিম-হিন্দু-খ্রিস্টান শিক্ষার্থীদের পাশাপাশি বসে পাঠ নেয়ার দৃশ্যে অবাক দুই বিদেশি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন দুই বিদেশি পর্যটক। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ে আসেন তাঁরা। এ সময় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শিক্ষার্থী একই সঙ্গে, একই বেঞ্চে বসে পড়ালেখার দৃশ্য দেখে অবাক হন তারা।  

ওই দুই বিদেশি নাগরিক হলেন- জার্মানের অবসরপ্রাপ্ত চিকিৎসক মাথিয়াস রিচার্ড ও সুইজারল্যান্ডের অবসরপ্রাপ্ত রসায়নবিদ সিলভিয়া মাউরিজিও। ‘দেশ ঘুরি’ নামে একটি ট্যুরিস্ট সংস্থার মাধ্যমে তাঁরা এ বিদ্যালয় পরিদর্শনে আসেন।

মাথিয়াস ও সিলভিয়া বিদ্যালয়ে আসলে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষার্থীরা। এসময় তাঁদের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরিয়ে দেখান প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দুই বিদেশি শ্রেণিকক্ষে গিয়ে পাঠ উপস্থাপন দেখেন। কথা বলেন শিক্ষার্থীদের সঙ্গে। 

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাথিয়াস রিচার্ড বলেন, এটি খুবই আনন্দায়ক খবর যে, এই স্কুলে আদিবাসী ও বাঙালি শিক্ষার্থীরা একসঙ্গেই বসে শান্তিপূর্ণভাবে পাঠ গ্রহণ করে। যেখানে মুসলিম-হিন্দু-খ্রিস্টান ধর্মের শিক্ষার্থীরাও একই আসনে বসে পাঠ নিচ্ছে। সম্প্রীতি-ভালোবাসার এ দৃশ্য আমাদের বিমোহিত করেছে। 

সিলভিয়া মাউরিজিও বলেন, শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ মনোভাব ও আন্তরিকতায় আমিও তাদের সঙ্গে নাচলাম। তাদের সঙ্গে নাচতে পেরে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমি ২০ বছরের যুবতী হয়ে গেছি। খুব খুশি হয়েছি। 

Read more — স্থানীয়
← Home