চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কড়া পাহারায় বিজিবি, সকালে মোবাইল ফোন রাতে মদ জব্দ

লাইভ রিপোর্ট
৪ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কড়া পাহারায় বিজিবি, সকালে মোবাইল ফোন রাতে মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের দুটি সীমান্তে আলাদা অভিযানে ৫৪ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও ৪৪ বোতল মদ জব্দ করেছে বিজিবি। সোমবার ভোর ও রাতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। 

রাতে বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৭টার বাখেরআলী বিওপির বিজিবি সদস্যরা পদ্মা নদীর সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় জব্দ করা হয় ইঞ্জিন চালিত নৌকাটিও। এর আগে ভোরে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের হলুদিয়াপাড়ার অভিযান চালিয়ে ৫৪টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।  

জব্দকৃত মদ ও নৌকা শিবগঞ্জ থানায় এবং মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হবে। 

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল চোরাচালান প্রতিরোধে সীমান্তে সচেষ্ট রয়েছে বিজিবি। 

Read more — স্থানীয়
← Home