চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ কেজি ৩০০ গ্রাম বিস্ফোরকসহ আটক ১

লাইভ রিপোর্ট
৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ কেজি ৩০০ গ্রাম বিস্ফোরকসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২ কেজি ৩০০ গ্রাম বিস্ফোরক ও ককটেল তৈরির উপকরণসহ একজনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে সদর উপজেলার সূর্যনারায়ণপুর-বেলতলা থেকে তাকে আটক করা হয়। 

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক ব্যক্তির নাম মো. মামুন। তিনি বেলপাড়ার বাবলু হকের ছেলে। ওই ঘটনায় জড়িত মামুনের ভাই মো. নয়ন পলাতক বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি অধিনায়ক বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে জোহরপুরটেক ক্যাম্পের বিজিবি সদস্যরা বেলপাড়ার মামুনদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে মাটির কুঠির (মাটির তৈরি ধান রাখার বড় গোলা)  উপর লুকিয়ে রাখা ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির উকরণ উদ্ধার করে। এ সময় মামুনকে আটক করা হয়। তার ভাই নয়ন পলাতক রয়েছে। 

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরক ও ককটেল তৈরির উপকরণগুলো ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা তাদের। সীমান্ত এলাকায় অস্ত্র-গোলাবারুদ ও  বিস্ফোরক চোরাচালানরোধে বিজিবি তৎপর রয়েছে। 

এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

Read more — স্থানীয়
← Home