গোমস্তাপুরে সময় টেলিভিশনের সাংবাদিককে লাঞ্ছিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৭ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
গোমস্তাপুরে সময় টেলিভিশনের সাংবাদিককে লাঞ্ছিত
সাংবাদিক জাহাঙ্গীর আলম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

আক্রান্ত জাহাঙ্গীর আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। মিছিলের শেষভাগে লাঠিসোটা হাতে কয়েক যুবক তার উপর চড়াও হয়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও তারা লাঞ্ছিত করে। 

তিনি আরও বলেন, লাঞ্ছনাকারীরা ওই আসনে বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলামের সমর্থক।

গোমস্তাপুর থানার ওসি ফরিদ আহমেদ বলেন, ঘটনাটি শোনার পরে দ্রুত পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। আমি নিজেও গিয়েছি। লাঞ্ছনার শিকার সাংবাদিক অভিযোগ দিতে চেয়েছেন। অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এদিকে, সাংবাদিক লাঞ্ছনাকারীরা নিজের কর্মী নয় বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি আমিও শুনেছি। কারা ঘটনাটি ঘটিয়েছে আমি ও আমার দলের নেতারা খোঁজ রাখছেন। 

Read more — স্থানীয়
← Home