অবশেষে ভারতীয় সেই ৪ ভারতীয় নাগরিকের জামিন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ণ
অবশেষে ভারতীয় সেই ৪ ভারতীয় নাগরিকের জামিন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইনের পর চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী সোনালী খাতুনসহ ৪ ভারতীয় নাগরিককে জামিন দিয়েছে আদালত। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) মো. আশরাফুল ইসলাম এ সংক্রান্ত আদেশ দেন। 

আসামী পক্ষের আইনজীবী একরামুল হক পিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন- অন্তসত্ত্বা সোনালী খাতুন যে কোন সময় বাচ্চা প্রসব করতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে তিনিসহ বাকী আরও তিনজনকে জামিন দেয়া হয়েছ। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন তার জিম্মাদার হয়েছেন। তিনি সোনালী বিবির আত্মীয় হোন। 

একরামুল হক পিন্টু আরও বলেন, আগামী ৩ ডিসেম্বর ওই মামলার শুনানীর দিন রয়েছে। ওইদিন আসামীদের আদালতে হাজির হতে বলা হয়েছে। 

গত ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ওই ৬ ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দুইজন কোলের শিশু হওয়ার মামলায় তাদের আসামী করা হয়নি। 

ওই ছয় ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের দানিশ শেখ (২৮), তার স্ত্রী সোনালি বিবি (২৬), তাদের সন্তান সাব্বির শেখ (৮) এবং সুইটি বিবি (৩৩) ও তার দুই সন্তান, মো. কুরবান দেওয়ান (১৬) ও মো. ইমাম দেওয়ান (৬)।  

ঘটনাটি ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশটিতে আলোচনার জন্ম দেয়। পরে গ্রেপ্তারকৃতদের পরিবার আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত ২৬ সেপ্টেম্বর ৬ ভারতীয় নাগরিককে ফেরাতে ৪ সপ্তাহের সময় বেধে দেয়। 

পশ্চিমপঙ্গের বীরভূম জেলার বাসিন্দা ওই ৬ নাগরিক দিল্লীতে কাগজ কুড়ানোর কাজ করতেন। দিল্লী পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে। 

Read more — স্থানীয়
← Home