চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত/ ভারতীয় শাড়ি-চাদর-মদ-গরু সবই আসছে চোরাই পথে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত/ ভারতীয় শাড়ি-চাদর-মদ-গরু সবই আসছে চোরাই পথে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, শীতের চাদর, মদ ও গরু জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১২ টা থেকে ৪ টা পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। জব্দ করা সব পণ্যই চোরাই পথে এসেছে ভারত থেকে।

বুধবার সকালে ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় ২৮টি শাড়ি, ৩১টি শীতের চাদর ও ২টি গরু জব্দ করে। জব্দ করা এ সব পণ্যের মূল্য ৭ লক্ষ টাকা। শাড়ী, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

এদিকে বিজিবির আরেকটি দল শিবগঞ্জ উপজেলার গাইপাড়ায় অভিযান চালিয়ে ভারতীয় ৪৭ বোতল মদ জব্দ করে। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

Read more — স্থানীয়
← Home