চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে বিএসএফ, চলছে তদন্ত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে বিএসএফ, চলছে তদন্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ওপারে ভারতীয় অংশে এক ব্যক্তির মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে বিএসএফ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে এ কথা স্বীকার করে তারা। 

দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান।

এর আগে বুধবার সন্ধ্যায় বাখেরআলী গ্রামে ইব্রাহিম আলী বিজিবি ক্যাম্পে গিয়ে জানান, তার ছেলে তসিকুল ইসলাম ভারতে গিয়ে নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জোহরপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।      

বিজিবি অধিনায়ক বলেন, পতাকা বৈঠকে বিএসএফ ভারতের ভাগিরথী নদীতে মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে। সেটি থানা পুলিশের হেফাজতে মর্গে রাখা রয়েছে। ওই মরদেহটি বাংলাদেশি যুবকের দাবি করে ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে বিএসএফকে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে। 

বিজিবি অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া মরদেহটি যদি বাংলাদেশি যুবকের হয়, তাহলে প্রক্রিয়া অনুসারে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে বিএসএফ। 

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কয়েকজন সহযোগির সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তসিকুল ইসলাম। তার বাবার দাবি, পরে ভাগিরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। 

Read more — স্থানীয়
← Home