বাবুডাইং-কে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ ঘোষণা করা হচ্ছে

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ণ
বাবুডাইং-কে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ ঘোষণা করা হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে উঠা প্রাকৃতিক বনভূমি বাবুডাইং-কে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’  হিসেবে ঘোষণা করার অনুমোদন দিয়েছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বন্যপ্রাণী পরামর্শ বোর্ডের ৪১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সরকারি সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করেছে।  

ওই সংবাদে বলা হয়- সারাদেশের পাঁচ জেলার জেলা প্রশাসকদের পক্ষ থেকে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ ঘোষণার জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে বাবু ডাইং এলাকার জন্য আলাদা দুটি প্রস্তাব দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, এই ঘোষণার আওতায় শুধু সরকারি খাসজমির অন্তর্গত এলাকাগুলোই আনা হবে, ব্যক্তিমালিকানাধীন জমি এর বাইরে থাকবে।

উল্লেখ্য, পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ‘সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ’ গত ১৯ মে বাবুডাইং-কে বন্যপ্রাণির অভয়াশ্রম ঘোষণার দাবিতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে স্মারকলিপি দেয়। 

Read more — স্থানীয়
← Home