বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুশি শিশু শিক্ষার্থীরা

বাবুডাইং আলোর পাঠশালা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুশি শিশু শিক্ষার্থীরা

 বছরের প্রথম দিনে নতুন বই পেয়েছে বাবুডাইং আলোর পাঠশালার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। তাই বছর শুরুর দিনটা অন্যরকম অনুভূতি নিয়ে কেটেছে শিক্ষার্থীদের। 

বই হাতে পেয়েই শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়ে পাতা উল্টাতে। পুরো বই নিমিষেই দেখে নেয়। পছন্দের ছড়া-কবিতা আবৃত্তি করে আপন মনে। অনেকেই বিদ্যালয়ের মাঠে মিষ্টি রোদে বসেও বই পড়ে। 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে সারা দেশে। এ অবস্থায় এ বছর আনুষ্ঠানিকভাবে বই উৎসব হচ্ছে না। তাই নিজ নিজ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বই পেয়ে উচ্ছসিত হয় শিক্ষার্থীরা। এসময় তারা শ্রেণিকক্ষে ও কক্ষের বাইরে মাঠে দলবেধে বসে পড়ে। নতুন বই খুলে ঘ্রাণ নিতে থাকে। নতুন নতুন ছবি ও পড়া খুঁজতে থাকে। শেষে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে খুশি মনে গ্রামের মেঠোপথ বা পুকুর পাড় ধরে নিজ নিজ বাড়ি ফিরে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার আনন্দই আলাদা। এ দিন শিশুরা নতুন বই পেয়ে খুব খুশি হয়। মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক। সে দৃশ্য দেখে মন ভরে যায়। নতুন বছর শিক্ষার্থীদের আনন্দায়ক পরিবেশের মধ্য দিয়ে কাটুক এ কামনা করি।

Read more — স্থানীয়
← Home