শীতের তীব্রতা আপাতত কমছে না

লাইভ ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
শীতের তীব্রতা আপাতত কমছে না

জানুয়ারি মাসজুড়েই ঢাকাসহ সারাদেশে শীতের প্রকোপ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীতে বাতাসের তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি হাড়কাঁপানো শীতের তীব্রতা। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগের হিমেল বাতাস রাজধানীবাসীকে কনকনে শীতের অনুভূতি দিচ্ছে।

ঢাকায় হিমেল বাতাসের পাশাপাশি বেড়েছে কুয়াশার ঘনত্ব। ভোর থেকেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে ঢাকার বিভিন্ন এলাকা। যদিও গত দুই দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে; সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা খানিকটা বাড়লেও কনকনে ঠান্ডা বাতাসে জবুথুবু হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতায় রাজধানীর ফুটপাত ও নিচু এলাকায় বসবাসকারীদের কষ্ট চরমে পৌঁছেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা আগামী কয়েকদিন প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, ‘দেশে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, তা আপাতত চলমান থাকবে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা সামান্য বাড়লেও সার্বিক পরিস্থিতি একই থাকবে। তবে সপ্তাহ খানেক পর নতুন করে কিছু এলাকায় তাপমাত্রা আবারও কমে যেতে পারে।’

চলতি মাসজুড়েই হিমেল বাতাস ও শীতের এই অনুভূতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Read more — জাতীয়
← Home