চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের গ্রামে তীব্র শীত, কম্বল নিয়ে দুস্থ মানুষের পাশে বিজিবি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের গ্রামে তীব্র শীত, কম্বল নিয়ে দুস্থ মানুষের পাশে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। টানা কয়েকদিন দ্রুত গতিতে নামছে তাপমাত্রা। এতে বিপাকে পড়েছেন সীমান্ত এলাকার অসহায়-দুস্থ শীতার্ত মানুষ। এ অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

মঙ্গলবার পদ্মা নদীর ওপারে ভাঙনকবলিত শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের কুকড়িপাড়ায় ৩০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিজিবির রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক সৈয়দ কামাল হোসেন কম্বলগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

এর আগে বিজিবি সদস্যরা গ্রামঘুরে অসহায় মানুষের তালিকা প্রস্তুত করেন। ওই তালিকা অনুযায়ী কম্বল বিতরণ করা হয়। 

কম্বল পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সীমান্তের মানুষ। ষাটোর্ধ রাহিমা বেগম বলেন, হাঁরঘে দিকে বেজাই ঠার (অনেক ঠাণ্ডা)। ঠারে জান যাছিলো। অরা (ওরা) হারঘে লাইগ্যা কম্বল আন্যাছে। হাঁরা বেজাই খুশি হয়েছি। অদের (ওদের) জন্য দোয়া করি।

কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, বিজিবি যেমন দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ চোরাচালান প্রতিরোধে কাজ করছে তেমনি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের  সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণেও কাজ করছে। এই শীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ তাদের সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি জনগণের প্রতি এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যকার আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে। 

ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Read more — স্থানীয়
← Home