চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের একটি আমবাগান থেকে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিগুলো জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। 

শুক্রবার বেলা ১১ টায় বিজিবির ৫৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

বিজিবি অধিনায়ক বলেন, আজমতপুর সীমান্তের শূন্যরেখা থেকে ৪০০ গজ দূরের বাংলাদেশের উনিশবিঘী এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় একটি আম বাগান থেকে দুটি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ করে। 

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দুষ্কৃতকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে। তবে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন গত ৬ মাসে ৬টি বিদেসি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে।

Read more — স্থানীয়
← Home