সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক বাংলাদেশি এক নারী ও তার চার বছরের শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত তাদের ফেরত দেয়া হয়। 

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

ওই নারীর নাম মোসা. সুমাইয়া আক্তার। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার নাটকঘরলেন এলাকার মো. মনসুর আলীর মেয়ে।

বিজিবি অধিনায়ক বলেন, সোমবার রাতে সুমাইয়া তার চার বছরের শিশকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফরিদপুর বিওপির সীমান্ত পিলার ৩১/১ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতে চলে যান। পরে বিএসএফ ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। বিষয়টি জানতে পেয়ে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিএসএফের সঙ্গে।

তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে সুমাইয়া ও সন্তানকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করেছে। খবর পেয়ে সুমাইয়া আক্তারের স্বামী থানায় এসেছেন।

Read more — স্থানীয়
← Home