কমিশন-বাণিজ্য, চাঁদাবাজি বন্ধ না হলে মুখোশ উন্মোচন করে দেব

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
কমিশন-বাণিজ্য, চাঁদাবাজি বন্ধ না হলে মুখোশ উন্মোচন করে দেব

ঠিকাদারি কাজে কমিশন বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ না হলে প্রমাণসহ সংশ্লিষ্টদের মুখোশ উন্মোচন করার হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। 

‘চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় ’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, এখানে যারা আছেন (ব্যবসায়ী), আপনাদের কোন না কোনভাবে চাঁদা দিতে হচ্ছে। আমি আশ্চার্য্য হয়ে যায় এখানকার প্রতিটি কাজে কেউ না কেউ চাঁদা নেন। কারা তারা? এটা চিহ্নিত করতে হবে। বিশেষ করে কান্ট্রাকটর যারা আছেন তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না।

তিনি বলেন, কাজ আটকে দেওয়া হচ্ছে এরপর প্যাকেট (অর্থ) চলে যাচ্ছে, আবার কাজ শুরু হচ্ছে। আমাদের কাছে খবর আছে। কারা করছেন আমরা জানি। মুখোশ উন্মোচন করে দেব যদি এটা বন্ধ না হয়। ডকুমেন্টসহ আমরা মুখোশ উন্মোচন করে দেব।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, আগামী দিনে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় তাহলে চাঁদাবাজদের চাঁদা নেওয়া ১২ তারিখ পর্যন্ত চলবে। এরপর আর কোন চাঁদা নেওয়া চলবে না। এরপর আর কোন কমিশন চাঁপাইনবাবগঞ্জে চলবে না।  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মো. আলাউদ্দীন। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লা।

Read more — স্থানীয়
← Home