‘ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা ভোট দিতে পারবেন এবং তা কাউন্টেড হবে’

রাজশাহী বিভাগীয় কমিশনার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
‘ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা ভোট দিতে পারবেন এবং তা কাউন্টেড হবে’

রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম বজলুর রশীদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার দিতে পারবেন। এ জন্য সব ধরণের প্রস্তুতি রয়েছে প্রশাসনের।

সোমবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে আয়োজিত নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুদ্ধদার মতবিনিময় সভাটি চলে প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই, তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তার ভোটটি তিনি দিতে পারবেন এবং তা কাউন্টেড (গণনা) হবে। চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভোটের নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। আমরা সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। নিরাপত্তা বাহিনী আছে, জনগণও আমাদের সহযোগিতা করবেন। আমরা একটি সুন্দর ভোট আয়োজন করতে চাই। প্রশাসন এ বিষয়ে নিরপেক্ষ আছে।

Read more — স্থানীয়
← Home