ভোটারদের প্রলুব্ধ করতে বিকাশ-নগদে টাকা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে

প্রার্থীদের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
ভোটারদের প্রলুব্ধ করতে বিকাশ-নগদে টাকা দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে

বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিংয়ের অন্যান্য মাধ্যমে অর্থ দিয়ে ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। 

বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর এ কথা বলেন তিনি। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখে পুলিশ সুপার। 

এ সময় তিনি বলেন, ভোটার প্রতি কোন ধরনের ভয়ভীতি প্রদর্শন না হয় সে ব্যাপারে সবার আন্তরিকতা কামনা করছি। কারণ এই বিষয়টা আমরা হালকাভাবে নেব না। কোথাও ভোটের পরিবেশ যদি হুমকির মুখে পড়ে, ভোটার যদি ভোট কেন্দ্রে যাওয়াকে নিরাপদ মনে না করে, সেই জায়গাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো। ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার পরিবেশ তৈরি করবো। এই ব্যাপারে কোন ছাড় হবে না।

তিনি আরও বলেন, ভোটারদেরকে প্রলুব্ধ করতে মোবাইল ফান্ড ট্রানজেকশন বা কোন ডিজিটাল মাধ্যমে লেনদেনের উপর বিশেষ নজরদারি রয়েছে। বিকাশ-নগদসহ বিভিন্ন যে ডিজিটাল মোবাইল মাধ্যম রয়েছে সেখানে মানি ট্রান্সফারের (অর্থ লেনদেন) সেই জায়গার উপর আমাদের বিশেষ নজরদারি ও তৎপরতা রয়েছে। এ ধরনের কোন কিছু পেলে আমরা আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। 

 

Read more — স্থানীয়
← Home