আমনুরায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার হয়নি ৬ ঘণ্টাতেও

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ণ
আমনুরায় লাইনচ্যুত ট্রেন উদ্ধার হয়নি ৬ ঘণ্টাতেও

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পৌনে ৭ টা পর্যন্ত রহনপুর থেকে নাচোল-আমনুরা হয়ে রাজশাহী রুটে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। 

এর আগে দুপুর পৌনে ১ টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। 

আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, আমনুরা বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেসওয়েল নিয়ে একটি ট্রেন আসছিল খুলনা থেকে। আমনুরা স্টেশন এলাকায় ট্রেনটির ৩০ ওয়াগনের মধ্যে দুটি লাইনচ্যুত হয়। এতে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায় রহনপুর-রাজশাহী ও রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে। যদিও রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটে কোন ট্রেন ছিল না। তবে রহনপুর থেকে রাজশাহীগামী একটি ট্রেন আটকে পড়ে। 

তিনি আরও বলেন, বিকাল ৫ টার দিকে উদ্ধার কাজ শুরু হয়েছে। রাত ৮ টার আগে উদ্ধার কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই।

Read more — স্থানীয়
← Home