নামাজরত বাবাকে কুপিয়ে মারল মাদকাসক্ত ছেলে

লাইভ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
নামাজরত বাবাকে কুপিয়ে মারল মাদকাসক্ত ছেলে

পাবনায় নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তাঁর মাদকাসক্ত ছেলে। রোববার রাত ৮টার দিকে চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গীতে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের তিন এসআই। 

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নিজাম প্রামাণিক ওই এলাকার মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত বলে জানিয়েছে তার পরিবার।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামানিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাড়িতে ফেরেন। তিনি খাওয়া-দাওয়া শেষে এশার নামাজে দাঁড়াতেই দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন ছেলে। এরপর পাশের কক্ষ আটকে সেখানে বসে থাকে ছেলে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে দেখে মরদেহ পড়ে থাকতে দেখে এবং অভিযুক্ত ছেলেকে ঘরে তালাবদ্ধ করে রাখে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধারসহ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

‎আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার তিন এসআই আবু বকর সিদ্দিক, জিয়াউর রহমান ও আবু রায়হান আহত হন। এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের অন্য ছেলে মিজানুর রহমান বলেন, ‘মোস্তফা আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। আমরা খাওয়া–দাওয়া শেষে রুমে শুয়ে ছিলাম। এমন সময় রুম আটকিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে।’ 

ওসি আব্দুস সালাম বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।’

Read more — উত্তরাঞ্চল
← Home