সন্তানকে নদীতে ফেলে থানায় আত্মসমর্পণ মায়ের

লাইভ রিপোর্ট, নওগাঁ
১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
সন্তানকে নদীতে ফেলে থানায় আত্মসমর্পণ মায়ের

নওগাঁর পত্নীতলায় সেতু থেকে ১৬ মাস বয়সী নিজ সন্তানকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। সন্তানকে নদীতে ফেলে দেওয়ার পর বিষয়টি অনুধাবন করে তিনি নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এদিকে নদীতে ফেলে দেওয়া শিশুটিকে জীবিত উদ্ধার করায় উদ্ধারকারী খমির শেখকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে পত্নীতলা উপজেলার আত্রাই নদীর মাহমুদপুর সেতু এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন ছিল।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুনতাহীন নামের এক নারী থানায় এসে জানান—তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশুকে উপজেলার মাহমুদপুর সেতু থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজেকে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে অনুরোধ করেন।

বিষয়টি শোনামাত্র পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে খমির শেখ নামের এক ব্যক্তি শিশুটিকে নদীর পানি থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন। পরে পুলিশ হেফাজতে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত। ঘটনার রাতেই হাসপাতাল থেকে শিশুটিকে তার বাবা ও পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

ওই নারীর স্বামী মেহেদী হাসান জানান, তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও জানান, স্ত্রীর সুচিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর আমি হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখতে গিয়েছিলাম। নদী থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করায় উদ্ধারকারী খমির শেখকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শিশুটির পরিবার পুলিশকে আশ্বস্ত করেছে যে তারা শিশুর নিরাপত্তা নিশ্চিত করবে এবং মায়ের দ্রুত মানসিক চিকিৎসার ব্যবস্থা নেবে।’

Read more — উত্তরাঞ্চল
← Home