চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্্যাপন কমিটির সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব তরুন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ একরামুল হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ রায়,  চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী প্রমুখ। 

সূচনা বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। 

পরে  মঙ্গল প্রদীপ প্রজ্জ¦লন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ভক্তরা নানা বাদ্যযন্ত্র সহকারে এতে অংশ নেয়। অনেকের হাতেই শোভা পাচ্ছিল কৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিল রাধা-কৃষ্ণের বেশে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

Read more — স্থানীয়
← Home