জেলা প্রশাসক ফুটবলে চ্যাম্পিয়ন গোমস্তাপুর

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ
জেলা প্রশাসক ফুটবলে চ্যাম্পিয়ন গোমস্তাপুর

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গোমস্তাপুর উপজেলা দল। রোববার চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ফাইনাল খেলায় ট্রাইবেকারে তারা হারিয়েছে সদর উপজেলা দলকে। এর আগে খেলার নির্ধারিত সময় গোলশূন্য ছিলো।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। উভয় দলই বারবার বল জালে জড়াতে প্রাণান্তকর চেষ্টা করে। কিন্তু প্রতিপক্ষ তা ব্যর্থ করে দেয়। শেষ পর্যন্ত গোলশূন্য থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইবেকারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দলকে ৩-৪ গোলের ব্যবধানে হারায় গোমস্তাপুর উপজেলা দল। 

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। এছাড়াও চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু প্রমুখ। 

টুর্নামেন্টে ম্যান অব দ্য খেলোয়াড় চাঁপাইনবাবগঞ্জ সদরের নাসির, ম্যান অব দ্য ফাইনাল খেলোয়াড় গোমস্তাপুরের  আবু বাক্কার, সেরা গোলরক্ষক শিবগঞ্জের আরিয়ান, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা চাঁপাইনবাবগঞ্জ সদরের ওমর আলী ও গোমস্তাপুরের  শ্রী প্রলয় এবং সেরা তরুণ খেলোয়াড় নাচোলের আলবেনুস কিসকুকে পুরস্কার দেওয়া হয়। 

এছাড়া সুশৃঙ্খল দল হিসেবে পুরস্কার পেয়েছে ভোলাহাট উপজেলা দল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পুষ্ঠপোষকতায় এ খেলা অনুষ্ঠিত হয়। 

 

Read more — খেলাধুলা
← Home