তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

লাইভ ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

গত সপ্তাহে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে টালমাটাল দেশের ক্রিকেট। ওই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আইসিসিকে দুই দফা ই-মেইলও করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

বিসিবির সিদ্ধান্ত নিয়ে গত বৃহস্পতিবার গণমাধ্যমে তামিম ইকবাল জানান, চলমান সংকটে তাড়াহুড়ো না করে সতর্ক হয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। তামিমের এমন মন্তব্য ঘিরে তাঁকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম। বোর্ড পরিচালকের এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য নিয়ে নানান প্রতিক্রিয়া জানাতে থাকেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে বিসিবির পক্ষ থেকে ‘রিজয়েন্ডার’ দিতে বলা হয়েছে। এছাড়া সামনের বিসিবির বিসিবি সভাতেও ব্যাপারটি নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, সাবেক অধিনায়ক তামিমকে নিয়ে মন্তব্যের আগে আরও ভাবা উচিত ছিল নাজমুলের।

এ প্রসঙ্গে গতকাল শনিবার গণমাধ্যমকে বুলবুল বলেছেন, ‘তিনি (নাজমুল) তার ব্যক্তিগত ফেসবুক থেকে এটা লিখেছেন। তাকে আমরা বলেছি, একটা রিজয়েন্ডার দেন। তার ওপরে আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তাকে (তামিম) যেভাবে দেখেছি, যেভাবে পারফরম্যান্স করেছে, এই ব্যাপারটা লেখার আগে আমাদের একটু চিন্তা করার দরকার ছিল, সম্মান করার দরকার ছিল।’

এদিকে ভারত থেকে বিশ্বকাপের ভেন্যু সরাতে আইসিসির কাছে আবেদন জানালেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর মন্তব্য করেছেন, একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না।

গতকাল আসিফ আকবরের ওমন মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে। সেখানে বুলবুল জানিয়েছেন, তিনি আসিফের সঙ্গে একমত নন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, ‘বিশ্বকাপ তো একটা সুযোগ, চেষ্টা করব খেলতে। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ…।’

বিসিবি আপাতত আইসিসির সিদ্ধান্তের অপেক্ষাতেই আছে, তেমনটাই জানিয়েছেন বুলবুল, ‘আমরা এখনো কোনো উত্তর পাইনি। আমাদের যতগুলো তথ্য দেওয়ার কথা ছিল, সব দিয়ে দিয়েছি। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছি।’

তামিমকে নিয়ে আগের পোস্ট ডিলিট করে নতুন পোস্ট সেই বিসিবি পরিচালকেরতামিমকে নিয়ে আগের পোস্ট ডিলিট করে নতুন পোস্ট সেই বিসিবি পরিচালকের

বিসিবি সভাপতির ধারণা, সোমবার বা মঙ্গলবারের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে আইসিসি থেকে।

Read more — খেলাধুলা
← Home