এটি আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়: ক্রীড়া উপদেষ্টার মন্তব্যের ব্যাখ্যায় বিসিবি

লাইভ ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
এটি আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়: ক্রীড়া উপদেষ্টার মন্তব্যের ব্যাখ্যায় বিসিবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে পাঠানো চিঠিতে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, যেগুলো ভারতে বাংলাদেশ দলকে ঘিরে ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তিনটি বিষয় হলো – বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি, ভারতে বাংলাদেশি সমর্থকদের দলের জার্সি গায়ে জড়িয়ে ঘোরাঘুরি ও বাংলাদেশে নির্বাচনের সময়সূচি।

এ ব্যাপারে এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়ে বিসিবি বলেছে, ক্রীড়া উপদেষ্টা যে চিঠির কথা বলেছেন, সেটি ভারতের মাটি থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে বিসিবির অনুরোধের বিপরীতে আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়। বরং এটি ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা হুমকির ব্যাপারে আইসিসির নিরাপত্তা বিভাগের সঙ্গে বিসিবির আভ্যন্তরীন যোগাযোগ।

বাংলাদেশ দলকে ঘিরে আইসিসির সঙ্গে যোগাযোগ নিয়ে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো স্পষ্ট করতে চায় জানিয়ে বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে চিঠির কথা উল্লেখ করেছেন, সেটি ছিল আইসিসির নিরাপত্তা বিভাগের সঙ্গে বিসিবির অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগের বিষয় ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন। এটি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির অনুরোধের বিপরীতে আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাব নয়।’

এখনো আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক জবাব আসেনি জানিয়ে বিসিবি লিখেছে, ‘বিসিবি আবারও জানাচ্ছে, দলীয় নিরাপত্তার স্বার্থে ভেন্যু নির্ধারণ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে এবং ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

Read more — খেলাধুলা
← Home