বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করছে আইসিসি, তবে...

লাইভ ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করছে আইসিসি, তবে...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা অনুরোধের বিষয়ে ভিন্নভাবে সাড়া দিতে যাচ্ছে আইসিসি। আগামীকাল বা মঙ্গলবারের মধ্যে সিদ্ধান্ত জানাতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারত থেকে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানায় বিসিবি।

আইসিসিতে পাঠানো ওই চিঠিতে নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরামর্শে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

তবে বিসিবির এই অনুরোধ আইসিসি গ্রহণ করবে না বলে জানাচ্ছে- এনডিটিভি। তাদের এক প্রতিবেদন জানিয়েছে, আইসিসি ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রে সাড়া দিলেও সেটি ভারতেরই অন্য ভেন্যু হতে যাচ্ছে।   

বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। তবে বিসিবিকে আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে প্রস্তাব করতে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আরও জানিয়েছে, ভারতেই অন্য দুই ভেন্যুতে ম্যাচ আয়োজনের জন্য বিসিবিকে আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ দেখানো হবে। 

গতকাল রোববার বারোদায় অনুষ্ঠিত ভারত–নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও সৈকত এবং গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। আম্পায়ারদের উদাহরণ তুলে ধরে নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিসিবির কাছে ব্যাখ্যা করবে আইসিসি।  

এর আগে চেন্নাইকে বিকল্প ভেন্যু হিসেবে মানতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, “বিশ্বকাপ নিয়ে আমরা একা সিদ্ধান্ত নিচ্ছি না। সরকার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখনো আগের অবস্থানেই আছি।”

Read more — খেলাধুলা
← Home