মেয়াদোত্তীর্ণ কফির পাঁচ ব্যবহার

লাইভ রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ণ
মেয়াদোত্তীর্ণ কফির পাঁচ ব্যবহার

দিনের শুরুতে এক কাপ গরম কফি না হলে অনেকের দিনই যেন শুরু হয় না। তবে অনেক সময়ই আলমারিতে বা ফ্রিজে রেখে দেওয়া কফির প্যাকেটের এক্সপায়ারি ডেট কবে যেন কেটে যায়, খেয়ালই থাকে না। আবার কফি মেশিনে জমে থাকা কফির গুঁড়াও খাওয়ার উপযোগী থাকে না। কিন্তু তাই বলে এগুলো ফেলে দেবেন না। কারণ, মেয়াদ শেষ হয়ে যাওয়া কফি কিংবা অব্যবহৃত কফির গুঁড়াও ঘরের নানা কাজে বেশ কার্যকর। 

কফি শুধু এনার্জি জোগায় না, এটি হতে পারে ঘরের কাজেরও বিশ্বস্ত সহকারী। চলুন জেনে নেওয়া যাক, মেয়াদোত্তীর্ণ কফির পাঁচ ব্যবহার।

 

ত্বক এক্সফোলিয়েশনের প্রাকৃতিক উপায়

বাজারের দামী স্ক্রাব ব্যবহার না করে কফির গুঁড়া দিয়ে বানাতে পারেন ঘরোয়া এক্সফোলিয়েটর। কফির দানা ত্বকের উপরের স্তরে জমে থাকা মৃত কোষ ও ময়লা দূর করতে দারুণ কাজ করে। চাইলে কফির গুঁড়ার সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। স্নানের আগে শরীরে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ত্বক হয়ে উঠবে সতেজ ও উজ্জ্বল।

 

প্রাকৃতিক ডিওডোরেন্ট

কফির গন্ধ যেমন মন ভালো করে, তেমনি দুর্গন্ধ দূর করতেও এটি কার্যকর। শরীরের দুর্গন্ধ কমাতে স্নানের সময় কফির স্ক্রাব ব্যবহার করতে পারেন। আবার ঘরের দুর্গন্ধও দূর করতে পারে কফি। রান্নাঘরের গন্ধ, ফ্রিজের ভেতরের বাজে গন্ধ কিংবা বাথরুমের স্যাঁতসেঁতে গন্ধ কাটাতে ছোট বাটিতে কফি গুঁড়া নিয়ে কোণে রেখে দিন। কফির সুবাসে গন্ধ মিলিয়ে যাবে।

 

বাসন পরিষ্কারের স্ক্রাব

কফির গুঁড়া কেবল সৌন্দর্যচর্চাতেই নয়, রান্নাঘরেও বেশ উপকারী। পোড়া দাগ লেগে থাকা বাসন পরিষ্কারে এটি দারুণ কাজ করে। বাসন মাজার সাবানের সঙ্গে এক মুঠো কফি গুঁড়া মিশিয়ে নিন। ওই মিশ্রণ দিয়ে বাসন মাজলে সহজেই পোড়া দাগ উঠে যাবে। শুধু বাসন নয়, ঘরের মেঝে পরিষ্কারেও ব্যবহার করতে পারেন কফি। মোছার পানিতে অল্প কফি মিশিয়ে নিলে মেঝে ঝকঝকে হবে।

 

প্রাকৃতিক সার

এক্সপায়ারি কফির জায়গা ডাস্টবিন নয়, গাছের গোড়া। গাছের জন্য কফি একধরনের প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এতে থাকা উপাদান মাটিকে উর্বর করে তোলে। শুধু তাই নয়, কফির গুঁড়ো মাটিতে ছিটিয়ে দিলে অনেক ক্ষতিকর পোকামাকড়ও দূরে থাকে। ফলে গাছ থাকে সতেজ আর সুস্থ।

ঘরের নানা কোণে ব্যবহার

ফ্রিজ, আলমারি বা জুতার তাক, যেখানে দুর্গন্ধ হয়, সেখানেই ব্যবহার করতে পারেন কফি। একটি ছোট থলে বা কাপে কফি গুঁড়া ভরে রেখে দিন। দেখবেন, বাজে গন্ধ দ্রুত দূর হয়ে যাবে।

কফির প্যাকেটের মেয়াদ শেষ হয়ে গেলে তা ফেলে দেওয়াই যেন নিয়ম। কিন্তু এই সামান্য উপাদানটিকেই যদি কাজে লাগিয়ে ত্বক, রান্নাঘর কিংবা বাগানের যত্ন নেওয়া যায়। তবে কেনই বা নষ্ট করবেন? কফি খাওয়ার পাশাপাশি এর এই নানা ব্যবহার আপনাকে চমকে দেবে। তাই এক্সপায়ারি কফি পেলেই ডাস্টবিনে নয়, লাগান ঘরের কাজে।

Read more — লাইফস্টাইল
← Home