মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে হুমকি বিজেপি নেতার

লাইভ ডেস্ক
২ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে হুমকি বিজেপি নেতার

ভারতীয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল-এ কয়েক বছর ধরেই খেলছেন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। সেই ধারাবাহিকতায় এবার তাঁকে দলে টেনেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। কর্ণধার শাহরুখ খানকে ‘বেইমান’ বলে আখ্যায়িত করলেন তিনি। শুধু তাই নয়, প্রভাবশালী এই নেতা ইঙ্গিতে কিং খানকে খুনের হুমকিও দিয়েছেন। তাঁর ভাষ্য, শাহরুখের বেঁচে থাকার কোনো অধিকার নেই!

চলতি বছর রেকর্ড মূল্যে কেকেআর-এ জায়গা করে নেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ। এর আগে এই দলে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস। তখন কোনো বিতর্ক না উঠলেও, এবার পরিস্থিতি ভিন্ন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে নিয়ে নানা অপপ্রচার আর প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে ভারতের বিভিন্ন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। এবার মোস্তাফিজকে দলে নেওয়ার পরও তেমন চিত্রই সামনে এসেছে।

সুপারস্টার শাহরুখকে উদ্দেশ্য করে প্রাক্তন সাংসদ সঙ্গীত সোম বলেন, ‘একদিকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। আর একদিকে আইপিএলে মোস্তাফিজুর রহমানদের মোটা টাকায় কেনা হচ্ছে। ওই বেইমান অভিনেতা (শাহরুখ) ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে। এ দেশে বেইমানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।’

বিজেপি নেতা আরও বলেন, ‘এই দেশের (ভারত) মানুষই আপনাকে (শাহরুখ) এই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে। কিন্তু আপনি এই দেশটার সঙ্গেই বেইমানি করলেন।’ 

একই সঙ্গে সঙ্গীত সোমের হুঁশিয়ারি, মোস্তাফিজের মতো ক্রিকেটাররা বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না।

শুধু এই বিজেপি নেতাই নন, কদিন আগে স্থানীয় একটি মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথও একপ্রকার হুমকির সুরে বলেন, ‘ওই বাংলাদেশিকে যদি বিতাড়ন না করা হয়, তবে হিন্দুত্ববাদীরা স্টেডিয়ামে ঢুকে আইপিএল বানচাল করে দেবে।’

Read more — বিনোদন
← Home