সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

লাইভ রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ণ
সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক আজ সোমবার এ আদেশ দেন।

সালমান শাহের মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সালমান শাহের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই। এ কারণে চার বছর আগে (২০২১ সাল) পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন নীলা চৌধুরী। আজ আদালত সালমান শাহের মায়ের সেই রিভিশন আবেদনটি মঞ্জুর করেছেন। একই সঙ্গে এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী ফারুক আরও বলেন, সালমান শাহের মৃত্যুর দিনই অনেকটা পরিবারের অজান্তে সালমানের বাবা কমর উদ্দিন চৌধুরীর স্বাক্ষর নিয়ে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ। সেই মামলার তদন্ত চলছিল। এর মধ্যে ১৯৯৭ সালে রিজভি আহমেদ নামের একজন অন্য এক মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে জবানবন্দিতে স্বীকার করেন, সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে এবং তিনি নিজেও সেই হত্যায় জড়িত ছিলেন। সালমানের বাবা কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে নালিশি হত্যা মামলা করেন। সেই মামলার যাঁরা আসামি, তাঁদের বিরুদ্ধে এখন হত্যা মামলা করা হবে। তাঁরা এখন হত্যা মামলার আসামি।

আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে সালমান শাহের মামা চিত্রপরিচালক আলমগীর কুমকুম বলেন, ‘সালমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের এই আদেশে আমরা খুশি। সালমান আত্মহত্যা করেনি, তাঁকে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের বিচার চাই।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন তাঁর বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এ প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।

Read more — বিনোদন
← Home