শীতের অনিন্দ্যসুন্দর পাখি অম্বর চুটকি

তানিয়া মেহজাবিন
২৪ নভেম্বর ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
শীতের অনিন্দ্যসুন্দর পাখি অম্বর চুটকি

শীত এলেই দেশের কয়েকটি অঞ্চলে দেখা মেলে অনিন্দ্যসুন্দর অম্বর চুটকি পাখির। এই পাখি কোথাও কোথাও নীল চটক বা নীল কটকটিয়া নামেও পরিচিত। অম্বর চুটকির আকার অনেকটা দোয়েলের মতো। এদের প্রাণশক্তি প্রচুর। শীতের সময় পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার পথ।

অম্বর চুটকি পাখিটির ইংরেজি নাম Verditer Flycatcher (ভার্ডিটার ফ্লাইক্যাচার)। বৈজ্ঞানিক নাম Eumyias Thalassinus

অম্বর চুটকির দৃষ্টি প্রখর। এরা বাসা করে আরণ্যক পরিবেশে। গ্রীষ্মে উত্তরের দিকে খুব বেশি গরম নয় এবং বৃষ্টিও বেশি নয়, এমন জায়গায় চলে যায়। অম্বর চুটকি পাখিরা লম্বায় ১৬ সেমি হয়। পুরুষ পাখির চোখের আগে-পিছে কালো আছে।

লেজের নিচে সাদা দাগ। স্ত্রী অম্বরের রং কিছুটা হালকা। এই পাখিদের বেশির ভাগ সময় সোজা হয়ে বুক চিতানো ভঙ্গিতে দেখা যায়। আমাদের দেশে অম্বর চুটকি ছাড়াও ধলাগলা চুটকি, নীলচে চুটকি, নীলগলা নীলচুটকি নামের কয়েক ধরনের চুটকি বা ফ্লাইক্যাচার দেখা যায়। তবে অন্য চুটকিদের চেয়ে অম্বর চুটকির সংখ্যা বেশি। এরা পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। বনের উঁচু গাছের ডালে বাসা বাঁধে এবং দুই থেকে চারটি ডিম পাড়ে। পুরুষ ও স্ত্রী চুটকি উভয়ই ডিমে তা দেয়। এক মাস তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়।

আইইউসিএনের তালিকায় অম্বর চুটকি এখনো বিপদগ্রস্ত নয়। 

Read more — প্রকৃতি ও পরিবেশ
← Home