কানসাট বাজারে কাটিমন আম, দাম ১৬ হাজার টাকা মণ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ণ
কানসাট বাজারে কাটিমন আম, দাম ১৬ হাজার টাকা মণ

চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে এখনও মিলছে আম। আজ শুক্রবার ছুটির দিনেও কাটিমন জাতের আম নিয়ে এসেছিলেন এক ব্যবসায়ী। মূলত এখন কাটিমন জাতের আমই পাওয়া যাচ্ছে বাজারে। 

আম চাষী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশ কিছু নাবী জাত, বিশেষ করে কাটিমন জাতের আম চাষ সম্প্রসারণ হয়েছে জেলাজুড়ে। এ কারণে শীতকালেও পাওয়া যাচ্ছে আম। 

শুক্রবার কানসাট বাজারে গিয়েছিলেন কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা সুমন। এ সময় বাজারে বিক্রি হচ্ছিল কাটিমন আম। তবে দাম ছিল অনেক বেশি। গোলাম মোস্তফা সুমন কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। পরে চাঁপাই লাইভকে তিনি জানান, বাজারে আসা আমগুলোর আকার ও রঙ ভালো ছিল। দাম চাওয়া হয় প্রতি মণ ১৬ হাজার টাকা। 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, শিবগঞ্জ উপজেলায় ২ হাজার ১৫০ হেক্টর জমিতে কাটিমন জাতের আম বাগান রয়েছে। অসময়ের আম হিসেবে পরিচিত পাওয়ায় এ আমের চাহিদা বাড়ছে দিন দিন। 

তিনি বলেন, গত সপ্তাহেই ১৩-১৪ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে আম। এখন ১৬ হাজার টাকা হলে সেটা অস্বাভাবিক নয়। 

Read more — অর্থনীতি
← Home