সংসদে অর্থমন্ত্রী ▪️ চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
সংসদে অর্থমন্ত্রী ▪️ চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছি

চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানিতে সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার স্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস‌্য মো. নূরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি জাতীয় সংসদকে এসব তথ‌্য জানান।

নূরুল ইসলাম বুলবুল সংসদে প্রশ্ন করে চাঁপাইনবাবগঞ্জের আম চাষীদের জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং আম রপ্তানি বাড়াতে অর্থ বিভাগের বিশেষ আর্থিক প্রণোদনা দেয়ার কোন পরিকল্পনা করবেন কি-না?;

এর উত্তরে অর্থমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। আমি নিজেও খুব বেশি আম পছন্দ করি। আম রপ্তানি সম্প্রসারণের বিষয় সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে ‘বরেন্দ্র প্রকল্প’ পুনরায় চালু, যথাযথভাবে আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার স্থাপন, বিশেষায়িত কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। আম রপ্তানি বাড়াতে শুধু হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন যথেষ্ট নয়। এর সঙ্গে মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, পরীক্ষাগার সার্টিফিকেশন, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড পূরণের সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর থেকে অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য প্রকল্প প্রস্তাব পাওয়া গেলে হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ, অবকাঠামো এবং রপ্তানি সহায়ক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

Read more — অর্থনীতি
← Home