চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা

সনাতন  ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরুর এখনো বাকী দুই সপ্তাহের বেশি। কিন্তু এরইমধ্যে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পূজার কেনাকাটা। বিশেষ করে পোশাকের দোকানে ক্রেতাদের ভীড় চোকে পড়ার মতো।  

ক্রেতারা কিনছেন রঙ-বেরঙের নানান ডিজাইনের পোশাক। আর তাদের চাহিদা মেটাতে বিকিকিনিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারাও। 

শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মার্কেট ঘুরে  দেখা যায়, পূজার কেনাকাটার জন্য সকাল থেকে বিকেল এমনকি সন্ধ্যার পরও ক্রেতাদের ভিড়। নিউমার্কেট, শহীদ সাটু কমপ্লেক্স মার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেটসহ অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা পূজা উপলক্ষে নতুন ডিজাইনের পোশাকে সাজিয়েছেন দোকান। তারা জানান, পূজার পোশাক বেচাকেনা শুরু হয়ে গেছে। গত সপ্তাহের চেয়ে বিক্রি বেড়েছে। তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী ক্রেতারা পছন্দসই পোশাকের খোঁজে ছুটে চলেছেন বিপণিকেন্দ্রগুলোতে। তবে ক্রেতারা বিভিন্ন বিপণিকেন্দ্রে না ঘুরে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যাচ্ছে এমন বিপণিকেন্দ্রগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন। পোশাকের পাশাপাশি মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়ি, জুতা, স্যান্ডেলসহ অন্যান্য অনুষঙ্গ বেশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানালেন  দোকানিরা। 

শহীদ সাটু কমপ্লেক্স মার্কেটের ফ্যাশান গ্যালারীর স্বত্বাধিকারী পলাশ সিংহ বলেন, পূজায় প্রতিবারের মতো এবারও সব বয়সীদের জন্য চাহিদা অনুযায়ী সব ধরনের  পোশাক রাখা হয়েছে। মেয়েরা সালেয়ার-কামিজ ও ছেলেরা পাঞ্জাবি, ফতুয়া, প্যান্ট-জামা, টি শার্ট কিনছেন। ক্রেতা বলেন, উৎসবকে ঘিরে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে আসা হয়েছে। পোশাকের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। 

 

Read more — অর্থনীতি
← Home