বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানাপোড়েনে স্থলবন্দরে আমদানি কমেছে ৪০ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের মতবিনিময়

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ অপরাহ্ণ
বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানাপোড়েনে স্থলবন্দরে আমদানি কমেছে ৪০ শতাংশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থলবন্দরে ৪০ শতাংশ আমদানি রপ্তানি কমে গেছে বলে দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ। এতে চরম নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতিতে।  শনিবার দুপুরে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের সব স্থলবন্দরের একই চিত্র বিরাজ করছে। আগের তুলনায় ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে মাত্র ৬০ শতাংশ। এতে দেশের ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিচ্ছে। এ জন্য সার্কভূক্ত দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক আমদানি রপ্তানি নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশকে আমদানি নির্ভরতাও কমাতে হবে। আগে ভারতীয় গরু ছাড়া আমরা কোরবানী দিতে পারতাম না। কিন্তু এখন  চিত্র একেবারেই ভিন্ন। সারা বছরের মাংসের চাহিদা দেশীয় গরু দিয়েই মেটানো সম্ভব হচ্ছে। এইভাবে পেঁয়াজ ও চাল উৎপাদনে দেশের সক্ষমতা বাড়লে আর আমদানি করতে হবে না। 

মতবিনিময় সভার আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক,  শুকুরুদ্দিন, শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মনিসহ অন্যরা।

Read more — অর্থনীতি
← Home