হ্যাটট্রিক, নো বল, ওয়াইডের পর শেষ বলে সিলেটের নাটকীয় জয়

লাইভ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
হ্যাটট্রিক, নো বল, ওয়াইডের পর শেষ বলে সিলেটের নাটকীয় জয়

নিশ্চিত হারতে থাকা ম্যাচে ১৮তম ওভারে হ্যাটট্রিক করে নোয়াখালী এক্সপ্রেসকে জয়ের ভিত গড়ে দেন পেসার মেহেদী হাসান রানা। তখনো সিলেট টাইটাইন্সের জয়ের জন্য ১২ বলে ১৯ রানের প্রয়োজন, হাতে ২ উইকেট। ১৯তম ওভারে এসে হাসান মাহমুদ ৬ রান দিলে শেষ ওভারে ১৩ রানের সমীরকণ দাঁড়ায়। শেষ ওভারে বল করতে এসে প্রথম দুই বল ডট দেন সাব্বির হোসেন। 

৪ বলে ১৩ রান দরকার, ক্রিজে সিলেটের ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস। ঠিক তখনই এক বিমার মেরে বসেন সাব্বির, বল সরাসরি গিয়ে লাগে ব্রুকসের হেলমেটে। সঙ্গে সঙ্গে আম্পায়ারের নো বল, ৪ বলে ১২ রানের সমীকরণে পরের ফ্রি হিট বলেই বিশাল এক ছক্কা হাঁকান ব্রুকস, পরের বলে ৪। ২ বলে ২ রান দরকার সহজ জয়ের দৃশ্যপটে ফের নাটকীয়তা।

সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন ব্রুকস। ক্রিজে নামেন সালমান ইরশাদ। ১ বলে ২ রানের যখন প্রয়োজন তখনই ওয়াইড বল করে নোয়াখালীকে ম্যাচ থেকে ছিটকে দেন সাব্বির। চরম নাটকীতায় শেষ বলে এক রান নিয়ে ম্যাচ ১ উইকেটে জিতে নেয় সিলেট টাইটান্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে নাটক কাকে বলে তা-ই দেখা গেল আজ। বিপিএলে প্রথম জয়ের খুঁজে থাকা নোয়াখালী আগে ব্যাট করতে নেমে সিলেটকে মাত্র ১৪৪ রানের লক্ষ্য দেয়। লক্ষ্য তাড়ায় নেমে প্রথম বলেই ওপেনার সায়েম আইয়ুবকে হারায় সিলেট। পাওয়ার প্লেতে আরও দুই ব্যাটসম্যান রনি তালুকদার ও জাকির হাসানকে হারায় টাইটাইন্স।

পাওয়ার প্লে শেষে ৩ উইকেটে স্কোরবোর্ডে ৩৯ রান। চতুর্থ উইকেটে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন। এ দুজনের ব্যাটে ১৪তম ওভারেই এক শ রান পার করে সিলেট। ১৫তম ওভারে টানা দ্বিতীয় বিপিএল ফিফটির দেখা পেয়ে যান ইমন। 

হেসেখেলেই ম্যাচ জিততে থাকা সিলেট চাপে পড়ে যায় ১৬তম ওভারে ইমনের বিদায়ে। ১৭তম ওভারে রেজাউর রহমান রাজা এসে ২ রান দিয়ে আফিফ হোসেনের উইকেট নিলে নোয়াখালী ম্যাচে ফেরা স্বপ্ন দেখে। সেই স্বপ্ন ১৮তম ওভারে এসে জয়ের ভিত পর্যন্ত নিয়ে যান মেহেদী হাসান রানা। ওভারের শেষ ৩ বলে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে ফিরিয়ে এবারের বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন এই বাঁহাতি পেসার। 

তবে শেষ দিকে ব্রুকসের দায়িত্বশীল ব্যাটিংয়ে আর জয়ের দেখা পায়নি নোয়াখালী। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল সৈকত আলীর দল।   

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে নোয়াখালী। শুরুতেই দলীয় ৪১ রানে ৪ উইকেট হারালেও শেষ দিকে অঙ্কনের ৫১ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় দলটি। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।

Read more — খেলাধুলা
← Home