নবাবগঞ্জ সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩৭ শিক্ষার্থীর ১০৭ জনই ফেইল

লাইভ রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ণ
নবাবগঞ্জ সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩৭ শিক্ষার্থীর ১০৭ জনই ফেইল
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে উচ্চ মাধ্যমিকের প্রধান বিদ্যাপিঠ হিসেবে পরিচিত নবাবগঞ্জ সরকারি কলেজে এবার এইচএসসিতে সবচেয়ে খারাপ করেছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। এ কলেজে  তিন বিভাগ মিলিয়ে যেখানে পাসের হার ৮৪ শতাংশ, সেখানে ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। 

রাজশাহী বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ২৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৩০ জন। বাকী ১০৭ শিক্ষার্থী অকৃতকার্য হয়। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে অকৃতকার্যের পরিমাণ বেশি হওয়ায় সার্বিক ফলাফলে পাসের হার কমেছে। 

ফলাফলে দেখা গেছে, মানবিক বিভাগের ২৩৮ শিক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। বিজ্ঞান বিভাগের ৪১৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ শিক্ষার্থী।

এ প্রসঙ্গে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল বলেন, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করার অন্যতম কারণ হচ্ছে তারা কলেজে ক্লাস করতো না। শিক্ষার্থীদের বারবার তাগাদা দেওয়ার পরও তারা ক্লাস করেনি। আমি এ কলেজে যোগদান করার পর কয়েকবার অভিভাবক সমাবেশ করেছি। অভিভাবকরাও সমাবেশে তেমন সাড়া দেন নি। 

Read more — শিক্ষা
← Home