অধ্যক্ষের বক্তব্যের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের বিবৃতি

নবাবগঞ্জ সরকারি কলেজ

লাইভ রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ণ
অধ্যক্ষের বক্তব্যের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের বিবৃতি

গণমাধ্যমে দেয়া নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়ালের একটি বক্তব্যের নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো চার শিক্ষার্থীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

স্বাক্ষরকারী চার শিক্ষার্থী হলেন- ইংরেজি বিভাগের মো. তারিক আজিজ, গণিত বিভাগের মো. হাসান আলী, দর্শন বিভাগের মো. সোহেল রানা ও পদার্থ বিজ্ঞান বিভাগের মো. মেহেদি হাসান। গত মঙ্গলবার বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলয়ে সক্রিয় ছিলেন এ চার শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়, অধ্যক্ষ মো. আব্দুল আউয়ালের উদাসীনতার কারণে কলেজে মাদকাসক্তদের দাপট, কলেজে অধ্যক্ষের যথানিয়মে উপস্থিত না থাকা, আর্থিক অনিয়ম, কলেজের গেস্টহাউসে বিধিবহির্ভূতভাবে অধ্যক্ষের অবস্থান নিয়ে আমরা আন্দোলন শুরু করি। মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে তাঁর অনিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তাঁর অপসারণ দাবি করি। তিনি আমাদের কাছে সময় চেয়ে সমস্যা সমাধানের কথা বলেন। 

পরবর্তীতে অধ্যক্ষ সাংবাদিকদের বলেন, এই আন্দোলনে একজন 'সাবেক অধ্যক্ষ' ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন। কথাটি সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন। 

বিবৃতিতে দাবি করা হয়, ওই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের। এতে কারও ইন্ধন নেই। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নানান সমস্যার কথা জানানো হলেও অধ্যক্ষ গ্রহণযোগ্য কোন পদক্ষেস নেন নি। তাই বাধ্য হয়েই সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। অধ্যক্ষ নিজের অন্যায় কার্যক্রমকে আড়াল করতে সাংবাদিকদের কাছে মিথ্যাচার করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১১ টা থেকে প্রায় তিন ঘণ্টা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবিও জানানো হয়।

Read more — শিক্ষা
← Home