মির্জা ফখরুলের গণসমাবেশে যোগ দিচ্ছে না জেলা বিএনপি

লাইভ রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ণ
মির্জা ফখরুলের গণসমাবেশে যোগ দিচ্ছে না জেলা বিএনপি

চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে দলের মহাসচিব আসলেও ওই গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

রাতে চাঁপাই লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম। তাদের দাবি- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিতে আনুষ্ঠানিক আমন্ত্রন জানানো হয়নি। 

মূলতঃ বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। গত ২ নভেম্বর স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এরপর প্রতি উপজেলার সমাবেশ হয়েছে। শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এছাড়াও তাঁকে সার্বিক সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।  

গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন অথচ আমাদেরকে কোন কিছুই জানানো হয়নি। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে গণসমাবেশে যোগ না দেয়ার। তবে কর্মীরা যেতে চাইলে আমরা বাঁধা দেব না। কাউকে নিষেধও করা হয়নি। রফিকুল ইসলাম বলেন,  আমি থাকছি না গণসমাবেশে। অন্যদের কথা আমি বলতে পারবো না। 

এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি গণসমাবেশের সমন্বয়ক মো. হারুনুর রশীদকে। 

Read more — রাজনীতি
← Home