সংরক্ষিত নারী আসনেও বঞ্চিত চাঁপাইনবাবগঞ্জ

বিএনপির মনোনয়ন চূড়ান্ত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনেও বঞ্চিত চাঁপাইনবাবগঞ্জ

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রকাশিত তালিকায় নেই চাঁপাইনবাবগঞ্জের কারো নাম। যদিও বিএনপিনেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাদিরা চৌধুরী, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহানাজ খাতুনসহ চাঁপাইনবাবগঞ্জের অন্তত ৫ জন কিনেছিলেন দলীয় মনোননয়। এরপর সাক্ষাৎকারেও অংশ নিয়েছিলেন। কিন্তু প্রকাশিত তালিকায় তাদের নাম না দেখে হতাশ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জবাসী।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার তিনটি আসনই হাতছাড়া হয় বিএনপির। তিনটি আসনেই বিএনপি প্রার্থীদের হারিয়ে বিজয় ছিনিয়ে নেন জামায়াতের প্রার্থীরা। ফলে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তৎপরতা শুরু হলে চাঁপাইনবাবগঞ্জবাসী প্রত্যাশা করেছিলেন একজন সংসদ সদস্য হয়তো পাবেন। কিন্তু সেই প্রত্যাশা শেষ পর্যন্ত হতাশা হয়েই থাকলো। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য না থাকায় উন্নয়ন বঞ্চনার আশঙ্কাও থেকে গেলো।

বিএনপির ঘোষিত তালিকায় স্থান পেয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা

Read more — রাজনীতি
← Home