এনসিপি থেকে পদত্যাগ করলেন চাঁপাইনবাবগঞ্জের আসিফ নেহাল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
এনসিপি থেকে পদত্যাগ করলেন চাঁপাইনবাবগঞ্জের আসিফ নেহাল

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আসিফ মোস্তফা জামাল (নেহাল)। দলের সদস্য সচিবের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। সোমবার রাতে চাঁপাই লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন নেহাল নিজেই। এর আগে ফেসবুক পেইজেও আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নেহাল এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি দলটির প্রচার ও প্রকাশনা সেল এবং পরিবেশ সেলের সদস্যও ছিলেন।  নির্বাচন পরিচালনা কমিটির সোশ্যাল মিডিয়া উপ-কমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। 

ফেসবুকে পদত্যাগের ঘোষণায় তিনি উল্লেখ করেন- ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপির প্রতি জনসাধারণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার সাথেই আমিও এই রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হই। প্রায় ১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্রকাঠামো নির্মাণের যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল দুঃখজনকভাবে সেই প্রতিশ্রুতি রক্ষায় দলটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

দেশ ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও সম্মান মাথায় রেখে এই সংগঠনের সকল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে এক মুহূর্তও থাকতে চাই না। ছাত্রজীবন থেকে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে কাজ করেছি, আগামীতেও করে যাব। সংগঠন থেকে বেরিয়ে এলেও আমি রাজনীতি থেকে সরে যাচ্ছি না। রাজপথে ছিলাম, রাজপথেই থাকব—ইনশাআল্লাহ।

Read more — রাজনীতি
← Home