চাঁপইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুইজনসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ জানুয়ারি ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
চাঁপইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুইজনসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

দুপুরে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। 

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য দেয়ার কারণে। এ আসনে বাকী ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন- বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াতের ড. কেরামত আলী, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের মূলকপি ও দ্বৈত নাগরিকত্বের ঘোষণাপত্র জমা না দেয়ার কারণে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন- বিএনপির মো. আমিনুল ইসলাম, জামায়াতের মিজানুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ঋণখেলাপী ও হলফনামায় মামলার তথ্য গোপন করায় ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।  এরা হলেন- বিএনপির মো. হারুনুর রশীদ, জামায়াতের মো. নূরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।  

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মনোনয়পত্র বাতিল হওয়া প্রার্থীদের আপীল করার সুযোগ আছে। তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ানির মধ্যে আপীল করতে পারবেন।

 

Read more — রাজনীতি
← Home