চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম তুলেও জমা দেন নি বিএনপির ৩ নেতা-নেত্রী

মো. নাদিম হোসেন
২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম তুলেও জমা দেন নি বিএনপির ৩ নেতা-নেত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন নি বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ৩ নেতা-নেত্রী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।

ওই তিন বিএনপি নেতা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, প্রকৌশলী মু. ইমদাদুল হক মাসুদ।

মনোনয়ন ফরমের রাজনৈতিক দলের নামের ঘরে আব্দুস সালাম তুহিন ও ইমদাদুল হক মাসুদ নিজেদের বিএনপি সমর্থক বলে পরিচয় দেন। অন্যদিকে মাসউদা আফরোজ হক শুচি লেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ইমদাদুল হক মাসুদ বলেন, আমি তো দলের বাইরে যাব না। আমি মনোনয়ন ফরম তুলেছিলাম এই আশায় যে পরে দলকে সন্তুষ্ট করতে পারবো। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু পারি নাই, তাই মনোনয়ন ফরম জমা দেই নি।

মাসউদা আফরোজ হক শুচি বলেন, দলের বিপক্ষে গিয়ে বা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ার জন্য তো  মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমি যখন মনোনয়ন ফরম সংগ্রহ করি তখনও দলের প্রার্থী চূড়ান্ত হয়নি। তাই মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। কিন্তু পরবর্তীতে দল একজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। তাই আমি আর মনোনয়নপত্র দাখিল করিনি।

চাঁপাই লাইভ’র পক্ষ থেকে জানতে চাওয়া হয়, যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছেন না সেহেতু দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন কী-না। মাসউদা আফরোজ হক শুচি বলেন- ‘প্রার্থী নয়, আমি ধানের শীষের জন্য কাজ করবো। সংসদীয় আসনের তিনটি উপজেলার বিভিন্ন কমিটির নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। আমি তাদের নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবো।

আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম রোববার মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি আরও সুসংহত হয়েছে। ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে চাঁপাইবাবগঞ্জ-২ আসনে আমাদের বিজয় হবে। 

Read more — রাজনীতি
← Home