ভারত-বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার: মির্জা ফখরুল

লাইভ রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ণ
ভারত-বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাশের দেশ ভারত যখন ইচ্ছে হবে পানি বন্ধ করে দেবে, সীমান্তে মানুষ হত্যা করবে, যখন-তখন চাল- পেঁয়াজ বন্ধ করে দেবে এমন বড় দাদাগিরি আর দেখতে চায় না। আমরা দেখতে চায় ভারত আমাদের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সহযোগিতা করবে। 

শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘বাঁচাও পদ্মা বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন। বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে দুই সপ্তাহ ধরে নানান কর্মসূচি চলছে চাঁপাইনবাবগঞ্জে। এর ধারাবাহিকতায় শনিবার আয়োজন করা হয় গণসমাবেশের। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০২৬ সালে বাংলাদেশ-ভারত পানি বন্টন চুক্তি শেষ হবে। আমরা জানিনা এরপর ভারত কি পদক্ষেপ নেবে। আগামী নির্বাচনে যে সরকার আসবে, সে সরকার যদি শক্তিশালি না হয় তাহলে পদ্মার পানিতে আরও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন যতো পেছাবে, দেশ ততো দুর্বল হবে। তাই প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।

নির্বাচন পেছাতে একটি দল ষড়যন্ত্র করছে উল্লেখ করে জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা তো অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনাদের যতো বিলবোর্ড-পোস্টার দেখলাম, তা তো অন্য কোন দলের দেখলাম না। নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ এসে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পারির্দশন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময়, ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখার কথা উল্লেখ করেন তিনি। বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল ভারত। তাদের আরও বেশি বাংলাদেশকে সহযোগিতা করা দরকার ছিল। কিন্তু মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে, কিছু দেয় নি। 

গণসমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিএনপির প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি প্রার্থীদের জন্য ভোট চান। 

Read more — রাজনীতি
← Home